নোয়াখালী, ২০ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)–এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপাচার্যের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নোবিপ্রবি একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক র্যাঙ্কিং সংস্থা Times Higher Education–এর সর্বশেষ মূল্যায়নে গবেষণা সূচকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৭২২তম স্থান এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম অবস্থান অর্জন করেছে।
তিনি জানান, অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৩৩৪ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এর আওতায় নতুন একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গবেষণায় দক্ষ শিক্ষক ও নারী গবেষকদের উৎসাহিত করতে ‘বেস্ট ফিমেল রিসার্চার অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে বলেও জানান উপাচার্য। গত দেড় বছরে বিশ্বের খ্যাতনামা ২১টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও একাডেমিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘হিট’ প্রকল্পে নোবিপ্রবির শিক্ষকরা সাতটি প্রকল্প অর্জন করেছেন। ইতোমধ্যে ৩০টি ক্লাসরুম ডিজিটালাইজড করা হয়েছে এবং প্রথমবারের মতো এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চার ধাপের যাচাই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানান উপাচার্য। শিক্ষক নিয়োগে একাডেমিক যোগ্যতা যাচাই, লিখিত পরীক্ষা, উপস্থাপনা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী নিয়োগেও লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা আয়োজন, মেডিকেল সুবিধা বৃদ্ধি, আবাসিক হলে গ্যাস সংযোগ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ভেন্ডিং মেশিন, লন্ড্রি ও সুপারশপ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।