গৌরনদী, বরিশাল | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নতুন এ কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা হবে।
রোববার সকালে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান-এর খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল পাওয়া গিয়েছিল, তা আজও প্রমাণিত। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণেই তারেক রহমান-এর নেতৃত্বে দেশে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
তিনি জানান, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীর কাপলাতলি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
মন্ত্রী আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার গড়তে চাই। নির্বাচিত হলে সরকারে থাকবো, না হলে থাকবো না; তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই করা হবে। পাশাপাশি বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।