স্টাফ রিপোর্টার, ০২ মার্চ ২০২৬
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুর মুক্তাদির।
সোমবার সচিবালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, প্রযুক্তি বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বর্ডার হাট পুনঃসচল, ল্যান্ড বর্ডারের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন ল্যান্ড পোর্ট ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ১১ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যের মধ্যে ৯.৫ বিলিয়ন ডলার আমদানি এবং ১.৫ বিলিয়ন ডলার রপ্তানি হচ্ছে।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, জাতিসংঘে আবেদন প্রক্রিয়াধীন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হরমোজ প্রণালীতে নৌ-চলাচল প্রভাবিত করতে পারে, তবে নিত্যপণ্য ও জ্বালানি আমদানিতে আপাতত কোনো শঙ্কা নেই।
হাইকমিশনারের সঙ্গে বৈঠককে খন্দকার আবদুর মুক্তাদির ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন, যা দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সহায়ক হবে।