অর্থনৈতিক রিপোর্টার, ০১ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করবেন না। ব্যাংকের এমডিরা যদি ঋণ প্রদানে বা সুশাসনে রাজনৈতিক হস্তক্ষেপের সম্মুখীন হন, তা সরাসরি তাঁকে জানানোর পরামর্শ দিয়েছেন।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গভর্নর এসব কথা বলেন। বৈঠকে ১৯টি ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন।
গভর্নর ব্যবসা ও উৎপাদনবান্ধব পরিবেশ সৃষ্টিতে জোর দিয়েছেন, যার লক্ষ্য এক কোটি নতুন কর্মসংস্থান। খেলাপি ঋণের কারণে অকার্যকর সম্পদের উৎপাদনশীল ব্যবহার, যেমন বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়েও গুরুত্ব দিয়েছেন।
তিনি ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ উদ্যোগের মাধ্যমে জেলা ও গ্রামভিত্তিক পণ্যকে বৈশ্বিক বাজারে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন। এছাড়া এসএমই অর্থায়ন, পুনঃঅর্থায়ন প্যাকেজ এবং রপ্তানি প্রণোদনা ও রেমিট্যান্স বকেয়া অর্থ ছাড়সহ বিভিন্ন ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
গভর্নর ব্যাংক কর্মকর্তাদের নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে এবং নতুন এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকগুলোকে সহায়তা করবে। ব্যাংক শাখা খোলার ক্ষেত্রে ভাড়া কাঠামো নির্ধারণসহ সেবার মানদণ্ড উন্নয়নের বিষয়েও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।