স্পোর্টস রিপোর্টার , ০২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতে ওমরাহ্ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। অবশেষে তিনি নিরাপদে দেশে ফিরে এসেছে।
মুশফিকুর রহিম আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে কয়েকদিন আটকা থাকার পর এমিরেটসের ফ্লাইটে ঢাকায় ফেরার সুযোগ পান।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবস্থান করতে হয় মুশফিককে। দেশে ফেরার পরিকল্পনা ছিল সৌদি আরব থেকে দুবাই হয়ে ঢাকায়। কিন্তু দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়।
মুশফিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি ওমরাহ হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরে এসেছে। এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি।’
রোববার দিবাগত রাতে মুশফিক আবার একটি পোস্টে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ সবাইকে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া পাঠিয়েছেন।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তিনি মুশফিকের দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করেছেন। মুশফিক সুস্থ আছে এবং দেশে ফিরে স্বাভাবিক অবস্থায় রয়েছে।
সব মিলিয়ে, অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ উইকেটকিপার-ব্যাটার।