স্টাফ রিপোর্টার, ০২ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো বাতিল হওয়ায় যাত্রীরা দীর্ঘ প্রতীক্ষায় পড়েছেন। ইতোমধ্যেই ঢাকা থেকে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে ভিসা মেয়াদ, সংযোগ ফ্লাইট এবং নিরাপত্তা ঝুঁকির কারণে যাত্রীরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
গত তিনদিনে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো স্থগিত হওয়ার ফলে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইতালিগামী ট্রানজিট যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নোয়াখালীর সেনবাগের জুয়েল মিয়ার, নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার জুবায়েরসহ অনেক যাত্রী বিমানবন্দরে দিন কাটাচ্ছেন। তারা ফ্লাইট স্থগিত হওয়ায় নির্দিষ্ট তথ্য না পেয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানিয়েছেন, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করা হবে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল থেকে স্থগিত ফ্লাইটগুলো পুনরায় কার্যক্রমে এসেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া অন্যান্য মধ্যপ্রাচ্যের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। ইউএস-বাংলা এয়ারলাইনসও সৌদি আরব ও ওমানের ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে, তবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।