ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন
রাজশাহী | ০৮ মার্চ ২০২৬
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা জিএএম আব্দুল আওয়াল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের নামাজে ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উভয় পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে উত্তেজনায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।