পিয়ংইয়ং/তেহরান, ১১ মার্চ ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত ‘অবৈধ’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন—পিয়ংইয়ং ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের ক্ষেত্রে দেশটির ‘অধিকার ও সিদ্ধান্তকে’ সম্মান করে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের প্রতি সমর্থন ঘোষণা করেছে।
এ সময় মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
তিনি বলেন, “আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি। তারা ইরানের বিরুদ্ধে বেআইনি সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি দুর্বল করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বাড়াচ্ছে।”
উত্তর কোরিয়া মনে করে, এসব সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।