ঢাকা | ১৭ মার্চ ২০২৬
রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে ঈদুল ফিতরের দিন শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে বাসভবনটি প্রস্তুত করা হচ্ছে।
সূত্র জানায়, ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এদিকে মঙ্গলবার বাসভবনের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ড. আব্দুল মান্নান জানান, বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনটি প্রায় প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগেই জামায়াত আমির এই বাসায় উঠবেন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন।
উদ্ধৃতি
“বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ দেওয়া বাসভবনটি প্রায় প্রস্তুত। ঈদের আগেই তিনি এখানে উঠবেন বলে আশা করছি।” – ড. আব্দুল মান্নান