ফেনী | ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী সময়ে সেতু মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন টানা ৪ দিন বন্ধ থাকবে। এ সময়ে যান চলাচলে সাময়িক দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত রামপুর সেতুর মেরামত কাজ চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
পরবর্তীতে ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল অব্যাহত রাখা হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) ফেনী সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে যান চলাচলের জন্য কয়েকটি বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—র্যাব ক্যাম্প সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজ পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেনকে একমুখী ব্যবহার, ফতেহপুর স্টারলাইন পাম্প হয়ে সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট হয়ে লালপোল, বিসিক মোড় (গ্যাস কোম্পানি) হয়ে দেওয়ানগঞ্জ মোড়সহ বিভিন্ন সংযোগ সড়ক।
তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এসব বিকল্প সড়কের বেশিরভাগই শহরের ভেতরের হওয়ায় ভারী যানবাহন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী নয়। এতে শহরের অভ্যন্তরে যানজট বেড়ে দুর্ভোগ সৃষ্টি হতে পারে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে ও পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট। এ সময়ে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। ফলে লেন বন্ধ থাকায় কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে।
সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ২০২৪ সালের বন্যায় রামপুর সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তাই দ্রুত মেরামত কাজ সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, “ঈদ পরবর্তী সময়েই কাজটি করার উপযুক্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সময় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে এবং ভারী যান চলাচলও সীমিত থাকে।”
উদ্ধৃতি
“২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে।” – গণবিজ্ঞপ্তি, সওজ ফেনী
ঈদ-পরবর্তী সময়ে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও গুরুত্বপূর্ণ এই মহাসড়কে লেন বন্ধের কারণে সাময়িক যানজট ও ভোগান্তি তৈরি হতে পারে। বিকল্প সড়কগুলোর সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে।