প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় মোট ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
দেশে জ্বালানি তেলের মজুত প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে।
এই ধরনের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর দফতর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গত ২৫ মার্চ সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুর জেলায় ৩টি, রাজশাহী জেলায় ৩টি, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি, কুমিল্লা জেলায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সব মিলিয়ে দেশের ৯টি জেলার মোট ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বর্তমানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধ করা সম্ভব হবে।