প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আধুনিক ও মানবিক সেবাধর্মী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি বলেন, “পুলিশকে জনগণের সেবা দিতে হবে। কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না। সরকারের লক্ষ্য হলো আধুনিক সেবাধর্মী ও মানবিক পুলিশ বাহিনী গঠন করা।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশের আধুনিকায়ন এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখার জন্য পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এর সুফল দেশের জনগণ এবং পুলিশ বাহিনী উভয়ই পাবেন।