নেছারাবাদ (পিরোজপুর) | প্রকাশ : ৩০ মার্চ ২০২৬
নেছারাবাদে ডিজেল সংকটের কারণে ইরি-বোরো ধান চাষ বিপর্যয়ের মুখে পড়েছে। পানি সেচ দিতে না পারায় জমি ফেটে যাচ্ছে, সবুজ ধানের চারা নষ্ট হচ্ছে, এবং প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন, ডিজেল মজুতদাররা বাজারে সরবরাহ সীমিত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। চাষিরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “ডিজেল না থাকায় পাম্প চালাতে পারছি না, জমি ফেটে যাচ্ছে। এখন পানি না দিলে পুরো ফসলই শেষ হয়ে যাবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘ইরি-বোরো ধান সম্পূর্ণ সেচনির্ভর ফসল। বিশেষ করে শেষ সময়ে পানি না থাকলে শীষ গঠন বাধাগ্রস্ত হয় এবং ফলনে বিপর্যয় নেমে আসে। ডিজেল সরবরাহ অব্যাহত না থাকলে অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানান, এলাকা তেল মজুতের সুযোগ নেই এবং প্রশাসন মাঠে নেমে কৃত্রিম সংকট রোধে নজরদারি ও অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, অসাধু মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় ইরি-বোরো উৎপাদনে বড় ধস নামার আশঙ্কা করছেন তারা।