কোভেন্ট্রি, যুক্তরাজ্য, ০২ এপ্রিল ২০২৬
ইংল্যান্ডের কোভেন্ট্রির বেলগ্রেড থিয়েটারে প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’, যা দর্শকদের মধ্যে প্রশংসার সাড়া ফেলেছে। চলচ্চিত্রটির নির্মাতা হিসেবে বিশেষভাবে সমাদৃত হয়েছেন বাংলাদেশি পরিচালক মো. আজিজুর রহমান।
চলচ্চিত্রটি প্রদর্শিত হয় ‘ফ্রিডম টু রিইমাজিন’ তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে। ডিজিটাল মিডিয়া একাডেমি এই প্রদর্শনীর আয়োজন করে।
আজিজুর রহমান এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মাতৃত্বকে ‘গভীর ও নীরব নায়কত্ব’ হিসেবে তুলে ধরেছেন। চলচ্চিত্রে প্রতীকী ভিজ্যুয়াল, হৃদয়গ্রাহী শব্দ পরিকল্পনা এবং কাব্যিক বর্ণনার মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে একজন মা সন্তানের জন্মের আগেই তার নিরাপত্তার জন্য একটি পৃথিবী গড়ে তোলেন।
শোকেসটি বেলগ্রেড থিয়েটারের বৃহত্তর কমিউনিটিভিত্তিক সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়, যেখানে তরুণ শিল্পী ও শিক্ষার্থীরা একসাথে কাজ করেন।
বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আজিজুর রহমান বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন। তাঁর এই কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি গল্প বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।