ঢাকা, ০২ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে ১১দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, “সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।”
এর আগে বুধবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, সরকারি দলের কর্মকাণ্ডে গণভোটের রায় বাস্তবায়নের প্রতি অমনোযোগ আমাদের বিস্মিত ও আহত করেছে।
সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করেছে। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ না জারি করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগে তারা সেদিন ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান।
স্পিকারের সঙ্গে বিরোধীদলের কথোপকথনে ডা. শফিকুর রহমান বলেন, “প্রতিকার চেয়েছিলাম। নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধীদল সবাই একমত হয়েছিল। এ রায়ের প্রতিফলন আমরা পেলাম না। এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না, তাই প্রতিবাদে ওয়াকআউট করছি।”
স্পিকার তাদের অনুরোধ করেন, প্রস্তাবের পরবর্তী বিবেচনা পর্যন্ত অপেক্ষা করুন। তিনি বলেন, “আপনারা এতে মন খুলে কথা বলতে পারবেন। এরপরও যদি ওয়াকআউট করতে চান, আপনারা করতে পারেন। তবে প্রস্তাবটির ভাগ্য দেখতে কিছু সময় অপেক্ষা করুন।”