বাগদাদ, ০২ এপ্রিল ২০২৬
ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এসব হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব গোষ্ঠী রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য স্থান উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ বেসামরিক লক্ষ্যবস্তুও ঝুঁকির মধ্যে থাকতে পারে বলে দূতাবাস জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করেছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনাও এই সতর্কতার প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জরুরি সতর্কতা জারি করেছে এবং নির্দেশ দিয়েছে, “মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত।”