নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ আইনে রূপ নিলে ভোটের তারিখ চূড়ান্ত হবে
ঢাকা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না এবং নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।
শনিবার নবনির্বাচিত জেলা প্রশাসকদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, “জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, তাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। তারা ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে।”
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দলীয় বিবেচনায় পদ পেয়েও সকল প্রশাসক জবাবদিহিতার আওতায় থাকবেন। এছাড়া তিনি জানান, ঢাকা সিটি উত্তর করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে।
শাহে আলম বলেন, “নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। নির্বাচনে কোনো প্রকার দলীয় প্রতীক থাকবে না।”