হামলার পর তেহরানের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন
তেহরান, ইরান
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শরিফ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, শরিফ বিশ্ববিদ্যালয়ের একটি গ্যাস স্টেশনে হামলা হয়েছে। এর ফলে শরিফ এলাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।
তেহরানের জেলা ৯-এর এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি সাময়িক এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।