ডেস্ক রিপোর্ট, ০৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি থেকে ইরানকে টোল আদায়ের সুযোগ দিতে অস্বীকার করেছেন এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রই এটি নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের উদ্যোগ নেওয়ার খবরের পর ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই এই প্রণালি থেকে টোল আদায় করতে দেওয়া হবে না; বরং প্রয়োজনে যুক্তরাষ্ট্রই টোল নেবে।
ট্রাম্প আরও দাবি করেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রাধান্য রয়েছে এবং তারা “বিজয়ী”, তাই টোল আদায়ের অধিকার তাদেরই থাকা উচিত। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি এমন উদ্যোগ গ্রহণ করে, তাহলে হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে।
এদিকে ট্রাম্প আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানকে “এক রাতেই ধ্বংস করা হতে পারে”। স্থানীয় সময় সোমবার দেওয়া বক্তব্যে তিনি জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে।
তবে ইরান এই চাপ প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় এবং স্থায়ীভাবে হামলা বন্ধ ও ক্ষতিপূরণ নিশ্চিত না হলে কোনো চুক্তি গ্রহণ করবে না। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তেহরান তা নাকচ করেছে।