রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বইমেলা, নববর্ষ ও চৈত্রসংক্রান্তি ঘিরে উৎসবমুখর আয়োজন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর
প্রকাশ :১২ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলা এই বইমেলার পাশাপাশি চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও উৎসবমুখর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদন
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নেবে। এটি শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বইমেলার পাশাপাশি চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষে সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।
একই দিনে বেলা ১১টা থেকে একাডেমিক ভবনসমূহের সামনে বৈশাখী মেলা বসবে, যেখানে বিভিন্ন বিভাগের স্টল থাকবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল বেলা ৩টায় বইমেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের পিতা।
তিনি আরও জানান, বইমেলা প্রতিদিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক আয়োজনসহ চলবে এবং উত্তরবঙ্গের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হবে।
নববর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, চৈত্রসংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা আয়োজন হাতে নিয়েছে। চৈত্রসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি হল শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, যা মূলত পূর্ববর্তী ছুটির দিনের সমন্বয়ের অংশ হিসেবে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র
- বেরোবি প্রশাসনের বিজ্ঞপ্তি
- বইমেলা আয়োজক কমিটি
- নববর্ষ উদ্যাপন কমিটি