৬ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। ২০১৩ সালে শাহাদাত বরণকারীদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।
মঙ্গলবার রাজধানীর শাহবাগ জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে আয়োজিত ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৩ সালে যারা শাহাদাত বরণ করেছেন, তারা এই বাংলার সূর্য সন্তান। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করবে। একই সঙ্গে ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে সত্য অনুসন্ধান এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন। প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি বলেন, শাপলার ঘটনাকে ঘিরে যে আলোচনা ও গবেষণা চলছে, তা সত্য উদঘাটনের জন্য গুরুত্বপূর্ণ। সত্য সামনে আসা এবং বিচার প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
প্রদর্শনীতে বিভিন্ন আলোকচিত্র, তথ্যচিত্র, ডকুমেন্টেড উপস্থাপনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ঘটনাটির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে, বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো ইতিহাসকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভরভাবে উপস্থাপন করা এবং নতুন প্রজন্মকে সচেতন ও চিন্তাশীল করে তোলা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।