মিশরের রাজধানী কায়রোতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি এবং এর ভয়াবহ ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কায়রোর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, চলমান সংঘাতের পরিধি বাড়লে তা পুরো অঞ্চলকে এক ভয়াবহ বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।
লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় এবং সেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে ( মিশর, সৌদি আরব, কাতার, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) দেশগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট সিসি সতর্ক করে বলেছেন, ইরানের সাথে চলমান উত্তেজনা ও আঞ্চলিক সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে হরমুজ প্রণালি ও লোহিত সাগরের মত গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে।
বৈঠকে ম্যাক্রোঁ ও সিসি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং নির্বিঘ্নে মানবিক সাহায্য পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টাকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আঞ্চলিক সংকট নিরসনে মিশরের কেন্দ্রীয় ভূমিকার প্রশংসা করেছেন এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।