বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের বর্তমান বাস্তবতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সামনে রেখে রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করা গেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশের তরুণ সমাজ আর গতানুগতিক বাজেট দেখতে চায় না; জাতীয় বাজেট হতে হবে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘তারুণ্যের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে এ সেমিনারের আয়োজন করা হয়।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাজেটে শিক্ষা, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্বারোপের আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে দেশবরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতারা অংশ নেন।
সেমিনারে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তারুণ্যের ভাবনা: ইসলামী মূল্যবোধ ও উন্নয়ন কৌশল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (CSPS)-এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মো. মিজানুর রহমান।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ওয়ারেসুল করিম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।