পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
মঙ্গলবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তিনি।
র্যাব ডিজি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।”
তিনি জানান, ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আহসান হাবীব পলাশ বলেন, র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জোরদার টহল পরিচালনা করছে। বিশেষ করে প্রধান প্রধান ঈদের জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেও বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
র্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাত ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া ছুটির সময়ে রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে বাহিনীটি জানিয়েছে, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহল বাড়ানো হয়েছে।
ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।