চাঁদপুর-এর হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিম আক্তার ইভা নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের অনি-রনি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নানির সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিম স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসা-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় মিম। দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।