বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেও সরকার শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ায়নি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদ ও তাদের পরিবারের প্রতি সরকারের কোনো কার্যকর নজর নেই। একইভাবে আহত জুলাই যোদ্ধারাও উপেক্ষিত রয়েছেন।
বুধবার (২৭ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও কোরবানির পশু উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, “সরকারের নৈতিক দায়িত্ব ছিল জুলাই বীরদের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া। কিন্তু বাস্তবে এ বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ পরিবারের দুঃখ-কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে দৃশ্যমান কোনো উদ্যোগও নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের শুরু থেকে শহীদ পরিবার ও আহতদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, পল্টন থানা সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান শাহিন, মানবাধিকার বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান এবং সেক্রেটারি মো. ফজলুর রহমান মিরাজ।
পরে বিকেলে মতিঝিল পূর্ব থানার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ড. হেলাল উদ্দিন। এ সময় মতিঝিল পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।