ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করছে। মস্কোতে সাংবাদিকদের এ কথা জানান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব আলী বাঘেরি।
বাঘেরি বলেন, পার্শ্ববর্তী উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে।
হরমুজ প্রণালীর অবরোধমুক্তকরণে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছেছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাঘেরি বলেন, যতক্ষণ না আমরা সব বিষয়ে একমত হচ্ছি, আমরা মনে করি যে আমরা কোনো বিষয়েই একমত হইনি।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব আরও জানান যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে তিনি আরও বলেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়টি এই আলোচনার আলোচ্যসূচিতে নেই।