ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী মেহেদী উৎসব। বুধবার রাতে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে শিবগঞ্জ নারী কল্যাণ ফোরাম।
উৎসবে বিভিন্ন বয়সী নারী ও শিশুরা অংশ নেন। প্রথমবারের মতো সহপাঠী ও বন্ধুদের সঙ্গে এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। নারী ও শিশুরা নিজেদের হাতে বাহারি নকশা ও বিভিন্ন প্রতীকী ডিজাইনে মেহেদি আঁকেন। উৎসবকে আরও প্রাণবন্ত করতে রাখা হয় বাঙালির ঐতিহ্যবাহী মুড়ি ও বাতাসার আয়োজন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবগঞ্জ নারী কল্যাণ ফোরামের উদ্যোক্তা সানিয়া মাহবুবা বলেন, “ঈদের আনন্দ নারীদের সঙ্গে ভাগাভাগি করতেই বিনামূল্যে এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ৯শ নারীকে বিভিন্ন ডিজাইনের মেহেদি পরিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন সামাজিক ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে।