বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ এবং কার্যকর, বাস্তবায়নযোগ্য ও সংস্কারমুখী জাতীয় বাজেটের দাবিতে আজ বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্যাপাসিটি চার্জ এবং অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থা এখনো বহাল রয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়ে খাতটির কাঠামোগত সংস্কার এড়িয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে এবং অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
মঞ্জু বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধ করা কেবল সরকারের একার দায়িত্ব নয়; রাজনৈতিক দল, প্রশাসন এবং সমাজের সকল অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।