গত ০৭ জুন ২০২৬ তারিখে কাতারে নিযুক্ত গাম্বিয়া প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূত ড. ওমর জাহ, দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব হযরত আলী খান-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
অত্যন্ত আন্তরিক ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের প্রতিফলন ঘটে।
সাক্ষাৎকালে দুই রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল ঢাকার ফরেন সর্ভিস একাডেমিতে গাম্বিয়ার কূটনীতিকদের পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ এবং নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়েরে গাম্বিয়ার ঐতিহাসিক ভূমিকা।
রাষ্ট্রদূত ড. ওমর জাহ সেই যুগান্তকারী আইনি উদ্যোগে তাঁর নিজের অবদানের কথা গভীর আবেগের সাথে স্মরণ করেন এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর উপাচার্য হিসেবে বাংলাদেশে তাঁর কাটানো সাত বছরের স্মৃতিময় সময়ের কথা তুলে ধরে বাংলাদেশকে তিনি তাঁর দ্বিতীয় আবাসস্থল হিসেবে অভিহিত করেন। তিনি আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গৌরবোজ্জল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কথাও সন্তুষ্টচিত্তে উল্লেখ করেন।
উভয়পক্ষ বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও সুদঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।