ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল (প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল) সংসদের সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হলের নতুন জিমনেসিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিমনেসিয়ামের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. সাদিক কায়েম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিপি সাদিক কায়েম বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান, পরীক্ষা কিংবা গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জিমনেসিয়াম সেই সামগ্রিক বিকাশেরই অংশ। আমরা চাই শিক্ষার্থীরা সুস্থ দেহ, ইতিবাচক মানসিকতা ও আত্মশৃঙ্খলার চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলুক। সুস্থ দেহ ও সুস্থ মনই একজন শিক্ষার্থীর শিক্ষা, নেতৃত্ব ও সৃজনশীল বিকাশের অন্যতম ভিত্তি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের বাস্তবধর্মী উদ্যোগ অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ডাকসু ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে এবং হলভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যচর্চা ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শহীদ ওসমান হাদি হল সংসদের (প্রস্তাবিত) জিএস আহমেদ আল সাবাহ, এজিএস মুশফিক তাজওয়ার মাহির, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক জুনায়েদ রহমান জিদান, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান মানিক, পাঠকক্ষ সম্পাদক শের শাহ আলী খাঁন সহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ নেতৃবৃন্দ জিমনেসিয়াম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ, কর্মক্ষম ও প্রাণবন্ত জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।