জুলাই শহীদদের স্মরণে এবি পার্টি আয়োজিত প্রতীকী কফিন মিছিলে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই শহীদেরা ৭১ এর শহীদদের উত্তরসূরি এবং জুলাইয়ের শহীদেরা ৭১ এর শহীদদের বাস্তব অনুসারী, তাঁরা অকাতরে জীবন ও রক্ত দিয়ে প্রমাণ করেছেন তাঁরা তাদের সার্থক উত্তরসূরি।
তিনি বলেন, জুলাইয়ের শ্লোগান ছিল “লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না”। যারাই ক্ষমতার মোহে দেশকে নিজের বাপের সম্পত্তি এবং জনগণকে নিজেদের গোলাম ভাবতে শুরু করবেন তাদের বিরুদ্ধে জুলাই আমাদের আজীবন পথ দেখাবে এবং আমাদের গৌরবময় জুলাই বার বার ফিরে আসবে।
মঞ্জু বলেন, অনেকে প্রশ্ন করেন জুলাই আমাদের কি দিয়েছে? এই প্রশ্ন অবশ্যই আসবে, বার বার আসবে। আমাদেরকেও বার বার এর উত্তর দিতে হবে। আমরা কি চেয়েছিলাম কি পেয়েছি তার উত্তর মিলিয়ে দেখতে হবে। তিনি বলেন, দল হিসেবে বিএনপি ও জামায়াত যা যা চেয়েছিল সব পেয়েছে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, লাখ লাখ নেতা-কর্মীর মুক্তি, জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলের রাজনীতির অধিকার ফিরে পাওয়া, নির্বাচনে বিএনপি ও জামায়াতের ঐতিহাসিক ভালো ফলাফল, একদল ক্ষমতায় এবং আরেকদল প্রধান বিরোধী দলে থাকা ইত্যাদি। যারা জুলাইয়ে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের প্রধান অংশ একটি নতুন রাজনৈতিক দল করে তারাও সংসদে দ্বিতীয় বড় বিরোধীদল হয়েছে। এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল দায়িত্ব এই তিন দলের উপর অর্পিত হয়েছে। শহীদদের রক্তের দাবি হলো গণতান্ত্রিক সংস্কৃতির পথে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন। তিনি বলেন, ঐকমত্য কমিশনে সেই সময় বিএনপি নেতারা বলেছিলেন, সংস্কারের মূল দায়িত্ব সংসদের। এখন সেই দায়িত্ব বাস্তবায়নের সময় এসেছে। পাশাপাশি তিনি পরাজিত রাজনৈতিক শক্তিকে অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।