বরিশাল মহানগর ও জেলা এবি পার্টির উদ্যোগে অনুষ্ঠিত কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, আপনাদের নেতারা কেঁদে কেঁদে বলেছিলেন, ছোট ছোট মাসুম বাচ্চারা বুকের রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছে। সেই আত্মত্যাগের শপথের ওপর আপনারা অটল থাকবেন, এখান থেকে কোনোভাবেই বিচ্যুত হবেন না।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটিকে ব্যক্তিস্বার্থ, ক্ষমতার মোহ কিংবা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির কাছে বিসর্জন দেওয়া যাবে না। আমাদের রাজনীতির ভিত্তি হতে হবে সততা, জবাবদিহিতা, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার।
তিনি আরও বলেন, এবি পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য রাজনীতি করে। তরুণদের স্বপ্ন, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের প্রত্যাশাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। যারা আজ এবি পার্টিতে যোগ দিচ্ছেন, তারা শুধু একটি দলে যোগ দিচ্ছেন না; তারা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হচ্ছেন।