যুদ্ধের মাঠে প্রাণ হারানো চার মার্কিন সেনার কফিন দেশে ফেরার দিনেই ফের তেহরানকে কঠোর বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সেনার মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি সরাসরি মুখে কিছু না বললেও, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুরনো একটি বিতর্কিত পোস্ট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্পের হুশিয়ারি নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকার ওই সেনা সদস্যদের মৃত্যুর পরই ট্রাম্প তার একটি পুরনো পোস্ট রি-পোস্ট করেন। যেখানে মার্কিন সেনাকে সরাসরি ‘ইরানের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়ার’ মতো হুমকি দেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই পোস্টটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
বুধবার ওয়াশিংটনের আয়োজনে নিহত চার মার্কিন সেনার মরদেহ গ্রহণ ও তাদের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মৌখিক হুমকি দেননি তিনি। পরিবর্তে, ঠিক সেই মুহূর্তেই নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পুরনো সেই পোস্টটি পুনরায় সামনে এনে নিজের হুংকার পুনর্ব্যক্ত করেন।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় শোক ও অন্ত্যেষ্টিক্রিয়ার মতো সংবেদনশীল অনুষ্ঠানে উপস্থিত থেকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া ট্রাম্পের চিহ্ণিত কৌশল। এর মাধ্যমে তিনি একদিকে যেমন নিহত সেনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, অন্যদিকে তেহরানের প্রতি তার কঠোর অবস্থান থেকেও একচুলও সরে আসেননি।