জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কোনো দল রাজনীতি করতে পারবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কেউ কেউ প্রশ্ন তোলে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা। অথচ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই দেশের সব রাজনৈতিক দল, সরকার ও জনগণ মাসের পর মাস কাজ করে এই ডকুমেন্ট তৈরি করেছে। এটি জাতির আর্কাইভে সংরক্ষিত থাকবে। তাই এটি বাস্তবায়ন না করে কেউ রাজনীতি করতে পারবে না। অনেকেই অভিযোগ তোলে বিএনপি বাস্তবায়ন করবে না। অথচ বিএনপি সরকার গঠন করবে এটা কি কেউ শপথ করে বলেছে? তাহলে দায় শুধু বিএনপির ঘাড়ে চাপানো যায় না। তিনি বলেন, যারা আগামীতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন তারাই নৈতিকভাবে বাধ্য থাকবেন এই সনদ বাস্তবায়নে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। তবে আশা করি আলাপ-আলোচনার মাধ্যমে সবাই মিলে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিষয়ে সব দলের মধ্যে একমত রয়েছে এবং এ বিষয়ে কোনো ভিন্নমত নেই। বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিচার প্রক্রিয়া কোনো শর্তসাপেক্ষ নয়, এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া যায় না। বিচার কার্যক্রম স্বাধীন বিচার বিভাগের মাধ্যমেই চলবে এবং যে সরকারই ক্ষমতায় আসুক তাকে এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধন সংসদেই হতে হবে। সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কনট্রাডিকশন বা সংঘাত তৈরি করা যাবে না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, ন্যাশনাল পিপলস পার্টির হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধি।