ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে প্রতিবেশী আবুল রবিদাস (৪০)। বিষয়টি টের পেয়ে নাতনিকে রক্ষা করতে এগিয়ে যান দাদি। এ সময় তাঁকে কুপিয়ে জখম করে আবুল।
গত সোমবার রাতের এ ঘটনায় গুরুতর জখম হন শিশুটির দাদি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি যারা যান। পরে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে স্বজনরা জানতে পারেন, ওই শিশুকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালাচ্ছে আবুল। খবর পেয়ে শিশুটির দাদি ঘটনাস্থলে ছুটে যান। নাতিকে ছাড়ানোর চেষ্টা করলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত আবুল। সে ধারালো দা দিয়ে বৃদ্ধার মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায় আবুল। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ যৌথভাবে তাকে খুঁজতে শুরু করে। মঙ্গলবার রাত ৩টার দিকে ভালুকা উপজেলার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন সমকালকে জানান, ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত নারীর ছেলে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আবুলকে আদালতে তোলে পুলিশ। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডোম গ্রেপ্তার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নারীর মরদেহ ধর্ষণ করার অভিযোগে আবু সাঈদ (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদের বাড়ি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামে। সে ওই হাসপাতালের ডোম। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আবু সাঈদের বিরুদ্ধে মামলা হয়েছে।