দোহা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস অদ্য ৩০ অক্টোবর ২০২৫ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে “মেডিক্যাল ক্যাম্প এবং কবিতা ও গানে ৩৬ জুলাই” অনুষ্ঠানের আয়োজন করে।
দিনের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হযরত আলী খান দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত “মেডিক্যাল ক্যাম্পের” উদ্বোধন করেন। কাতারস্থ Dr. Kutty’s Medical Centre বিনামূল্যে মেডিক্যাল সেবা প্রদান করে। শ্রমিকসহ বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত মেডিক্যাল ক্যাম্প হতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে। এ প্রেক্ষিতে দূতাবাস কর্তৃক Dr. Kutty’s Medical Centre- কে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
সন্ধ্যায় দূতাবাসে “কবিতা ও গানে ৩৬ জুলাই” শিরোনামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত কবিতা ও গান পরিবেশন করেন। বাংলাদেশ কমিউিনিটির উল্লেযোগ্য সংখ্যক সদস্য “কবিতা ও গানে ৩৬ জুলাই” অনুষ্ঠান উপভোগ করেন এবং জুলাই গণ- অভ্যুত্থান উপলক্ষ্যে একটি ভিন্নধর্মী আয়োজনের জন্য দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত তাঁর সমাপনী বক্তব্যে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জুলাই গণ-অভ্যুত্থান চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। জনগনের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তিনি প্রবাসীদেরকে পোষ্টাল ব্যালট ভোটে ব্যাপকভাবে অংশগ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজ এর প্রতিনিধি ও শিক্ষার্থী এবং রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে আমন্ত্রিত অতিথিদেরকে দেশীয় খাবার পরিবেশনার মাধ্যমে আপ্যায়িত করা হয়।