রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাদের বাসায় যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া-বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এ সময় উত্তর বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সমবেদনা জানানোর পর আমিনুল হক বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অবশিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।
আমিনুল হক বলেন, “আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আর দেখতে চাই না।”
ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির বহু নেতা কর্মী নিপীড়নের শিকার হয়েছেন, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। এখন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পরিবেশ তৈরি হতে শুরু করলে একটি কুচক্রী মহল সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই—এ ধরনের হত্যাকাণ্ড আর কোনো পরিবারকে যেন শোকাহত না করে।”
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর সেকশন–১২ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। হামলার পর পালানোর সময় রিকশাচালককে দ্রুত চালাতে না পারায় তাকেও গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।