মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দ্রুত কার্যকর করাসহ মোট তিনটি দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’ নামে একটি প্ল্যাটফর্ম।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্ট মাজার গেইটের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।
এছাড়া জুলাই ঐক্যের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল রাজপথে থাকার ঘোষণা করে প্ল্যাটফর্মটি।
দাবিগুলো জানিয়েছেন ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
দাবিগুলো হলো—
১. শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর দিয়ে, সেটা দ্রুত কার্যকর করতে হবে।
২. প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গণভোটের ব্যাপারে ইতিবাচক বক্তব্য প্রদান করবে বলে আশা করি।
৩. নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে এ সময় কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, আমি চাই—শেখ হাসিনার মৃত্যদণ্ড হওয়া উচিত। আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে বিলুপ্ত করা হোক। আওয়ামী লীগের সব সম্পদ জব্দ করে জুলাই বিপ্লবীদের মধ্যে বণ্টন করা হোক।
মেজর বজলুল হুদার ভাই ডিউক হুদা বলেন, “বিচারের রায় যত বিলম্বিত হচ্ছে, আওয়ামী লীগ তত চক্রান্ত করছে। আমি আশা করেছিলাম আজকেই রায় ঘোষণা করা হবে। তাহলে দেশের মধ্যে অস্থিরতা কমে যেত। তারপরও আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (আইসিটি) ধন্যবাদ জানাচ্ছি যে, তারা ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আমরা আশা করবো—কোনো কারণে যাতে রায় ঘোষণার দিন যাতে আর পেছানো না হয়। খুনি হাসিনাকে যাতে ফাঁসি দেওয়া হয়, সেই দাবি জানাচ্ছি।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ বলেন, হাসিনাসহ তার যত সহযোগী রয়েছে, সবার বিচার আইসিটিতে হতে হবে। গুম-খুনের সব বিচার এখানে হতে হবে। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা এবং জুলাই হত্যাসহ সবকিছুর বিচার এ আইসিটিতে হতে হবে।