ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি এনসিপির, নির্বাচন নিয়ে আস্থাহীনতার কথা জানালেন দলটির মুখপাত্র
ঢাকা — ৬ জানুয়ারি ২০২৬
আপাতদৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ধরনের চেষ্টা রুখে দিতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, “একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।”
আসিফ মাহমুদ আরও বলেন, আবারো যদি পুরোনো সেটেলমেন্টের পথে যাওয়া হয়, তাহলে তা রুখে দেওয়া হবে। এ ক্ষেত্রে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না বলেও জানান তিনি।
এ সময় তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধানের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক করার ঘটনাকে তীব্রভাবে সমালোচনা করেন।
ভোটের পরিবেশ প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, “চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন ও সরকার এখনো ভোটের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি।”
তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। ফলে আদৌ নির্বাচন হবে কিনা, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে ইসির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, “এই প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। রিটার্নিং অফিসাররা বড় দলের পক্ষে কাজ করেছেন।”
তিনি আরও বলেন, আপিলের ক্ষেত্রেও যদি নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন দেখা দেবে।
এছাড়া জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে তা নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান এনসিপির এই নেতা।