চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতাসহ বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণে অংশগ্রহণে অনুমতি
ঢাকা — ৬ জানুয়ারি ২০২৬
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হবে। পাশাপাশি দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে বলা হয়েছে।
ওয়েবসাইটসমূহ নিম্নরূপ:
চিত্রাঙ্কন: https://art.infostudents.com
কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
একক বিতর্ক: https://debate.infostudents.com
গজল: https://gazal.infostudents.com
ক্রিকেট: https://cricket.infostudents.com
ফুটবল: https://football.infostudents.com
ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com
কারাতে: https://karate.infostudents.com
স্মারকে জানানো হয়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত এসব সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, ক্রীড়া দক্ষতা এবং নৈতিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।