নোয়াখালী — ২২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে খুন ও ডাকাতিসহ ১৮টি মামলার আসামি, সাতটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত সর্দার মো. রমিজকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নোয়াখালী জেলা প্রতিনিধি রিয়াজ উদ্দিন রুবেল জানান, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা এলাকায় অভিযান চালিয়ে মো. রমিজ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আবুল কাশেমের বসতবাড়ীতে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা ও সুধারাম মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃত মো. রমিজের পিতা মো. আমিনুল হক ও মাতা মরিয়ম নেছা। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় খুন, ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে, যার মধ্যে সাতটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত। তিনি দীর্ঘদিন ধরে ভূমি দস্যুতা ও আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের আগের দিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আন্ডারচর ইউনিয়ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমিজসহ তার সহযোগীরা গোলাগুলিতে জড়ায়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।