ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে প্রস্তাবিত গণভোট সামনে রেখে আজ শনিবার নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে থিম সংটি উন্মোচন করা হবে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, শনিবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মাদুর পেতে’ প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে এই থিম সং লঞ্চ করা হবে।
এদিকে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। একই সঙ্গে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এবং প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন দলটির নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রোববার চট্টগ্রাম থেকে এই পদযাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের ২৪টি জেলা ঘুরে আগামী ৫ ফেব্রুয়ারি ঢাকায় এসে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।
এ উপলক্ষে এনসিপি ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রতিনিধির নামও ঘোষণা করেছে। দলটির নেতারা জানান, এই পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, সংস্কার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।