ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন। দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনি সফরে অংশ নেবেন। দলীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন।
সিরাজগঞ্জের এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তারেক রহমানের এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”
সিরাজগঞ্জের কর্মসূচি শেষে তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করবেন। বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন–চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
দলীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে তারেক রহমানের এই ধারাবাহিক সফর বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন আরও দৃঢ় করবে।