ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে ছড়িয়ে পড়া একটি রাজনৈতিক ফটোকার্ডকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে নির্বাচনের আগে তার মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে ফটোকার্ডটিকে ‘পুরোপুরি ভুয়া’ বলে দাবি করেন সাবিলা নূর।
রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, তার নাম ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি লেখেন—
“আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনও আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দেই, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।”
একইসঙ্গে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবিলা নূর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর কারণে শিল্পীরা প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
এ প্রসঙ্গে তিনি আরও লেখেন,
“সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়—যা কাম্য নয়।”
সবশেষে ভক্ত ও দর্শকদের উদ্দেশে তিনি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, অনেক সময় ভালোবাসা বা আবেগ থেকে এসব কনটেন্ট তৈরি করা হলেও তা সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।
“আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি ভবিষ্যতেও তারা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকবেন,”—যোগ করেন তিনি।