ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
রোববার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে জোটের নেতারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান। তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ৩০টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানান।
জোটের নেতারা অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ভোট জালিয়াতি ও ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। তারা সংশ্লিষ্ট আসনগুলোতে পুনরায় ভোট গণনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। নির্বাচন কমিশন অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের কথা জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।