ঢাকা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
দেশের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ ব্যক্তিখাতে দেওয়া হবে কি না, তা নতুন সরকারের নীতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক-এ গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় থেকে নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে এ বৈঠক হয়। আরমান বলেন, বর্তমান সরকার এখনো নগদ বিষয়ে চূড়ান্ত নীতি নির্ধারণ করেনি। সরকার যদি এটি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অতীতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে সম্ভাব্য বিনিয়োগকারীদের পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন বলেও জানান।
সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে আরমান বলেন, তারা মূলত বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী এবং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিনিয়োগের সুযোগ খুঁজছিলেন।
নগদে বিনিয়োগ লাভজনক হবে কি না তা যাচাই করতে অডিট করার আগ্রহের বিষয়টিও গভর্নরকে জানানো হয়েছে বলে জানান তিনি।
স্বার্থের সংঘাতের প্রশ্নে আরমান বলেন, পেশাগত দায়িত্ব পালনে কোনো দ্বন্দ্ব নেই। তিনি দাবি করেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব ও ব্যক্তিগত পেশাগত কাজ আলাদা বিষয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের যে সিদ্ধান্ত থাকবে, সেই অনুযায়ীই কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।