ঢাকা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
সেবাক্ষেত্রে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমিভবনে ভূমিসেবা কলসেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, “ভূমিসেবাকে আরও জনবান্ধব করা হবে। এ মন্ত্রণালয়ে কাজ করা চ্যালেঞ্জের, তবে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “বিগত ১৭ বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী এ মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। এখন থেকে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতিতে থাকবে। কোনো বাট ইফ থাকবে না।”
সরকারি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও অভিযোগ গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।