টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান, আর ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সমান সাফল্য পান তিনজন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক সূচনা করেন পারভেজ হোসেন ইমন। দুটি ছক্কার সাহায্যে ১৯ রান করলেও চতুর্থ ওভারে আউট হয়ে ফেরেন তিনি। কিছুক্ষণ পরেই আউট হন তানজিদ হাসান তামিম। তবে চাপ সামলান অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। দু’জনে মিলে গড়ে তোলেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া তৃতীয় উইকেটের জুটি।
সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে চার মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান লিটন। পরে ১৬তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তিনি গড়েন দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড সংখ্যা দাঁড়ায় ৭৮, যেখানে পেছনে পড়ে যান মাহমুদউল্লাহ।
তবে দুর্দান্ত ব্যাটিং করেও লিটন শেষ পর্যন্ত জয়ের মুহূর্তে ছিলেন না। দলকে মাত্র ২ রান দূরে রেখে ৩৯ বলে ৫৯ রান করে আউট হন তিনি। তবুও তার ইনিংসই আসলে ম্যাচ নিশ্চিত করে দিয়েছিল।
শেষ পর্যন্ত কাজ সারেন তাওহিদ হৃদয়। ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন এই তরুণ ব্যাটার।
বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করল দুর্দান্তভাবে।