ঢাকা, ৪ জানুয়ারি ২০২৬
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের গত বছরের গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়ে গিয়েছিল। তবে এবছর দেশে খাদ্যশস্য মজুদ সবচেয়ে বেশি হওয়ায় তিনি আশাবাদী, বাজারে চালের দাম বাড়বে না।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, বর্তমানে দেশের সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। পাশাপাশি, সরকারের আরও ২৪ লাখ টন খাদ্যশস্য মজুদ করার সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, “গত পাঁচ বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য মজুদ সর্বোচ্চ। যদি আমরা সাপ্লাই চেইন ঠিকভাবে রাখতে পারি, তাহলে বাজারে চালের দাম বাড়বে না।”
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও জানান, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে এবং সেখানে কোনো রাজনৈতিক সমস্যা বা জটিলতা দেখা যাচ্ছে না।